প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

আলোচিত লেখকরা || শরীফ আতিক-উজ-জামান


দীর্ঘকাল ধরে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত সাহিত্যিকদের নাম গোপন রাখার রীতিটি খুব সতর্কতার সঙ্গে বজায় রেখে চলেছে সুইডিশ একাডেমী। ঘোষণার আগে বিজয়ীর নাম জানার তেমন উপায় নেই, শুধু অনুমান করা ছাড়া। সাহিত্যপ্রেমীদের অনুমান কখনো কখনো মিলে গেলেও অনেক ক্ষেত্রেই দেখা গেছে, সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করে অখ্যাত কারো মাথায় উঠে গেছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের মুকুটটি। ১৮ সদস্যের কমিটির আনুষ্ঠানিক ভোটের শেষে যে নামটি চূড়ান্তভাবে উঠে আসে, তা সব সময় সাহিত্যরসিকদের মনঃপূত না হলেও অনেক লেখককে নতুন করে জানার আগ্রহ সৃষ্টি হয়। এই মুহূর্তে দীর্ঘ তালিকা থেকে যাচাই-বাছাই শেষে পাঁচজনের হ্রস্ব তালিকায় স্থান পাওয়া সাহিত্যিকদের সাহিত্যকৃতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে বিজয়ীর নামটি বেছে নেওয়ার জন্য। গত বছর সিরিয়ার কবি আদোনিস (অলি আহমাদ সা'য়িদ), আমেরিকার ফিলিপ রথ ও জয়েস ক্যারোল ওটস, দক্ষিণ কোরিয়ার কো উন এবং আলজেরিয়ার আসিয়া জেবার তালিকার শীর্ষে থেকেও পুরস্কার পাননি। পেয়েছেন পেরুর মারিও বার্গাস য়োসা, যদিও তাঁর লেখনীক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। এ বছরও উলি্লখিত লেখকরাই আলোচনায়। কিন্তু এই তালিকায় আরো অনেকের নাম আছে, যাঁরা স্ব-মহিমায় উজ্জ্বল। আবার এমন অনেককে নিয়ে হৈচৈ চলছে, যাঁদের কেউ এই সম্মান পেয়ে গেলে তা খানিকটা আশ্চর্যজনক হবে বৈকি। হয়তো ভাগ্যদেবী এতক্ষণে কার গলায় স্বপ্নমাল্য পরিধান করা হবে তা নির্ধারণ করে ফেলেছেন।
গত সেপ্টেম্বর মাসে জার্মানির সবচেয়ে সম্মানজনক গ্যেটে পুরস্কার পেয়ে যাওয়ার পর অনেকেই মনে করতে শুরু করেছেন, এ মাসে নোবেল পুরস্কারের সম্মাননাও আদোনিসই (অলি আহমাদ সা'য়িদ) পাবেন। ৮১ বছর বয়সী সিরিয়ার এই কবিকে আরববিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি হিসেবে বিবেচনা করা হয়। সিরিয়ায় জন্মালেও দীর্ঘ সময় লেবাননে অভিবাসীজীবন কাটিয়েছেন তিনি। দামেস্ক, ফ্রান্স ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরবি কবিতা বিষয়ে পাঠদানকারী আদোনিসের নাম প্রতিবাদ, বিদ্রোহ, প্রগতি ও আধুনিকতার সমার্থক হিসেবে বিবেচিত হয়ে আসছে, যার আরবি প্রতিশব্দ 'হাদাথা'। একসময় মাহমুদ দারবিশ এই পুরস্কারের যোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু তাঁর মৃত্যু সেই সম্ভাবনা নস্যাৎ করেছে। আদোনিস আরবি সাহিত্যের জন্য এই সম্মাননা বয়ে আনতে পারেন। কিন্তু তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন আরেক অশীতিপর কবি সুইডেনের টমাস ট্রান্সট্রুমার। গত বছর তাঁর নাম খুব জোরেশোরে শোনা গেলেও শেষমেশ তাঁর কপালে শিকে ছেঁড়েনি। জানি না ভাগ্যদেবী এঁদের জন্য এতক্ষণে বরমাল্য প্রস্তুত করেছেন কি না। তবে এ বছর তাঁর ভক্তরা সম্ভাবনার দিক দিয়ে তাঁকেই এগিয়ে রাখেন। ১৯৯০ সালে স্ট্রোকের পর শরীরের এক পাশ অবশ হয়ে এবং কথা জড়িয়ে গেলেও তাঁর লেখনী থামেনি, এখনো লিখে চলেছেন। প্রকাশবাদী ও পরাবাস্তববাদী ধারায় কবিতা চর্চাকারী ট্রান্সট্রুমার একজন পিয়ানোবাদক ও মনস্তত্ত্ববিদ। আলফ্রেড নোবেলের স্বদেশির প্রতি কমিটির সদস্যরা কতখানি সদয় হবেন, তা এতক্ষণে পাঠক হয়তো জেনে গেছেন। আমেরিকার ফিলিপ রথ ও জয়েস ক্যারোল ওটসের নাম ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। তবে তার সঙ্গে অনেকে জুড়ে দিয়েছেন টমাস পিঞ্চনের নাম। ৭৮ বছর বয়সী ফিলিপ রথের নামের পাশে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ও পুলিৎজার পুরস্কারের সম্মাননা রয়েছে। আর ৭৩ বছর বয়সী ওটস ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছেন; এবং তিনি অতিপ্রজ লেখিকা। ৫৬টি উপন্যাস, ৩২টি ছোটগল্পের সংকলন, ৮টি কাব্যগ্রন্থসহ আরো অনেক প্রকাশনা রয়েছে তাঁর। আর পিঞ্চন পুলিৎজারের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি। কারণ জুরিদের কেউ কেউ তাঁর উপন্যাসটিকে অশ্লীল মনে করেছেন। প্রধানত কবি, তবে উপন্যাস, ট্রাভেলগ ও আত্মজীবনী মিলিয়ে ১৪০টির মতো বইয়ের লেখক দক্ষিণ কোরিয়ার কো উন অনেক দিন ধরেই বিশ্বের প্রতিনিধিত্বশীল লেখক। তাঁর হাত ধরে এশিয়ায় আবার নোবেল ফিরে আসতে পারে। আলজেরিয়ার সাহিত্যিক ও চলচ্চিত্রকার আসিয়া জেবার (ফাতিমা জোহরা ইমালাইন) তাঁর সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে নোবেল জিতে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
অস্ট্রেলিয়ার লেস মারে এবং জাপানের ঔপন্যাসিক হারুকি মুরাকামির নাম অনেকের মুখে। মুরাকামি মৌলিক রচনার সঙ্গে খ্যাতি কুড়িয়েছেন অনুবাদক হিসেবে। আমেরিকার উপন্যাস জাপানি ভাষায় অনুবাদ করতে গিয়ে তিনি তাঁর নিজস্ব রচনায় আমেরিকার সামাজিক বৈশিষ্ট্য আমদানি করেছেন বলে সমালোচকরা মন্তব্য করেছেন। তাঁর সম্ভাবনা খারিজ করে দেওয়া যাচ্ছে না। বাদ যাচ্ছে না পাঁচবারের বুকার বিজয়ী আরেক জাপানি কাজুও ইশিগুরোর নামও। হাঙ্গেরির পিটার নাদাসের সঙ্গে নেপালের কবি রাজেন্দ্র ভাণ্ডারি, ভারতের কবি কে সচ্চিদানন্দন ভারতের আরেক লেখক বিজয়ধন দত্তে বিজ্জি এবং রোমানিয়ার মার্সিয়া কার্তারেস্কুর নাম এসেছে। শেষোক্ত নাম চারটি বিস্ময় সৃষ্টি করলেও আনুষ্ঠানিকভাবে তা জমা পড়ার বিষয়টি দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। তবে দুই বছর আগেই হাঙ্গেরির হার্তা মুল্যার জিতে নিয়েছেন এই পুরস্কার। এক বছরের ব্যবধানে সেই দেশেরই কোনো লেখকের ভাগ্যে এই পুরস্কারের সম্মাননা জুটবে কি না, সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে, যদিও মার্শেল প্রুস্তের সঙ্গে তুলনীয় নাদাসের সম্ভাবনা কম নয়। আর অনেক পুরস্কারের সঙ্গে তাঁর ঝুলিতেও রয়েছে ২০০৩ সালে প্রাপ্ত ফ্রাঞ্জ কাফকা পুরস্কার।
এ বছর মে মাসে ফ্রাঞ্জ কাফকা পুরস্কার জয়ের পর আইরিশ লেখক জন ব্যানভিল সম্ভাব্য নোবেল বিজয়ীদের একজন হিসেবে বিবেচিত। ফোনে এই পুরস্কারপ্রাপ্তির খবর পেঁৗছানোর সময় তিনি রসিকতা করে বলেছিলেন, 'একটু ধরুন, অন্য ফোনটাও বাজছে, সম্ভবত এটা স্টকহোম থেকে এসেছে।' কিন্তু তাঁর সম্ভাবনা ২৫ ভাগের এক ভাগ বলে মনে করছেন ভাষ্যকাররা। যুক্তরাজ্যের সাহিত্যিক এ এস বায়াতের সম্ভাবনা আয়ান ম্যাকইয়ান ও সালমান রুশদীর ওপর। বুকার অব দ্য বুকারস বিজয়ী রুশদী কি পারবেন ভারতীয় হিসেবে এই পুরস্কার জিততে? করম্যাক ম্যাকার্থি ও ডন ডেলিলোর সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন। বব ডিলানকে নিয়ে তাঁর ভক্তকুল যে উচ্ছ্বাস সৃষ্টি করছেন, তা নিয়ে কেউ কেউ বিদ্রূপ করতেও ছাড়েননি। অ্যালেঙ্ ডোনোহিউ তো বলেই ফেলেছেন, বব এই পুরস্কার পেলে তা হবে অত্যন্ত বেদনার বিষয়।
পর পর দুই বছর লাতিন আমেরিকায় এই পুরস্কার যাবে কি না, সেই সন্দেহ থেকেই মেঙ্েিকার লেখক-কূটনীতিক কার্লোস ফুয়েন্তেসের সম্ভাবনাকে কেউ কেউ শূন্যের কোঠায় বলে ধরে নিয়েছেন। 'স্বৈরতন্ত্রের স্বাভাবিক শত্রু হলেন লেখক'_এই বিশ্বাস থেকে যিনি সাহিত্য রচনা করেন, ৩০টি ভাষায় যাঁর লেখনী অনূদিত হয়ে বিশ্বের অন্তত ৪০টি দেশে সমাদৃত, বুকার বিজয়ী আলবেনিয়ার সেই লেখক ইসমাইল কাদেরের সম্ভাবনাকে তাই উড়িয়ে দেওয়া যায় না। কানাডার নারীবাদী লেখিকা ও সমাজকর্মী ৭১ বছর বয়সী মার্গারেট অ্যাটউড রয়েছেন অনেকের পছন্দের তালিকায়। তাঁর লেখনীর অতিপ্রজতা ও বহুমাত্রিকতা তাঁকে নোবেলের জোরালো দাবিদাররূপে দাঁড় করিয়েছে। সোমালিয়ার নূরুদ্দীন ফারাহকেও বাতিল করা যাচ্ছে না। আগেও তাঁর নাম উচ্চারিত হয়েছে। কী হবে কেনিয়ার ৭২ বছর বয়সী নাট্যকার-ঔপন্যাসিক-প্রাবন্ধিক নগুগি ওয়া থিয়োঙ্গো কিংবা নাইজেরিয়ার ৮১ বছর বয়সী লেখক চিনুয়া আচেবের ক্ষেত্রে? ওলে সোয়িংকার পর আবার কি নাইজেরিয়ার কোনো লেখক এই বিরল সম্মাননার অধিকারী হবেন? এখনো ম্যানবুকার, পুলিৎজার, কাফকা বা গ্যেটে পুরস্কারের মতো নামি পুরস্কার কপালে না জুটলেও মরক্কোর সফল উত্তর-ঔপনিবেশিক সাহিত্যিক তাহের বিন জেলুন এই সম্মাননা পেয়ে গেলে আফ্রিকার জন্য তা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সন্দেহ নেই।
আমেরিকার ৮৫ বছর বয়সী লেখক রবার্ট ব্লাইয়ের কথাও কেউ কেউ জোরেশোরে বলছেন একই দেশের নারীবাদী লেখিকা অ্যাড্রিয়েন রিচের সঙ্গে। কবি, শিক্ষাবিদ, সমকামী, রাজনৈতিক কর্মী_এমন অজস্র পরিচয়ে পরিচিত এই নারীর নোবেল জয়ের ব্যাপারে অনেকে আশাবাদী। ইসরায়েলের লেখক অ্যামোজ ওজ যদি এ বছর পুরস্কারটি জিতে নেন, তাহলে তা অবাক হওয়ার মতো কোনো ঘটনা হবে না। স্পষ্টবাদী ও মানবিক গুণাবলিসম্পন্ন ৭২ বছর বয়সী এই মানুষটির পক্ষেও সমর্থন রয়েছে অনেকের। মনস্তত্ত্বে স্নাতক পর্তুগিজ লেখক অ্যান্তোনিও লোবো অ্যান্তুনাসকে নিয়ে প্রত্যাশা রয়েছে অনেকের। এই তো সেদিন ওরহান পামুক নোবেল পেলেন। এত দ্রুত কি তা আবার তুরস্কে যাবে? তাই যত ভালো লেখকই হন না কেন, হাসান আলী টোপাসের সম্ভাবনাকে জোরালো বলা যাচ্ছে না। তা ছাড়া ৫৩ বছর নোবেল পাওয়ার জন্য খুবই কম বয়স। জার্মানির কবি দারস গ্রুবেনের ক্ষেত্রেও একই কথা বলা যায়। ৪৯ বছর বয়সে নোবেল মেলার কথা নয়। তবে অতিপ্রজ এই কবি নোবেলের যোগ্য দাবিদার। আমেরিকায় অভিবাসী দক্ষিণ কোরিয়ার লেখক চ্যাং রেই লিয়ের নাম শোনা গেলেও তাঁর ক্ষেত্রেও বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে। ৪৭ বছর বয়সে কি তিনি জিতে নিতে পারবেন এই পুরস্কার? সার্ব লেখক ডোবরিকা কোসিকের ক্ষেত্রে বয়সটা কোনো বাধা নয়, বরং তিনিই বোধ হয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লেখক। ৯০ বছর বয়সী এই লেখককে নিয়ে কেউ কেউ প্রত্যাশার জাল বুনছেন। আর অপেক্ষায় থাকতে থাকতে চেক প্রজাতন্ত্রের মিলন কুন্ডেরা বোধ হয় যারপরনাই হতাশ।
এ ছাড়া অনেকের নামই বিভিন্নভাবে শোনা গেছে। স্কটল্যান্ডের কবি-নাট্যকার ক্যারোল অ্যান ডাফি, আমেরিকায় অভিবাসী যুগোস্লাভ লেখক চার্লস সিমিক, ফরাসি-ইতালীয় বংশোদ্ভূত পল থোরো, মেঙ্েিকার হোমিরিও অ্যারিজিস, আমেরিকার জিম হ্যারিসন, মার্ক স্ট্র্যান্ড, পিটার মেথিসেন, উইলিয়াম টি ভলম্যান, জোয়ান ডিডিয়ন, লিডিয়া ডেভিস ও মেরি অলিভার, ফ্রান্সের রেনা কাম্যু প্রমুখ নোবেল বিজয়ী হিসেবে আলোচনায় আছেন এবং ছিলেন।
গত বছর কমিটির সম্পাদক পিটার ইংল্যান্ড মন্তব্য করেছিলেন, 'কমিটির সদস্যরা ইউরোপীয় হওয়ায় একজন ইউরোপীয় লেখক বেছে নেওয়াটা তাঁদের জন্য সহজ হয়। এটা একটা সমস্যা, কিন্তু এ বিষয়ে আমরা সতর্ক আছি।' বিশ্বের সাহিত্যপ্রেমীরাও তা কামনা করেন। কারণ, এই সতর্কতা নিরপেক্ষ মূল্যায়নের জন্য অত্যন্ত জরুরি। এ মাসের যেকোনো বৃহস্পতিবার আমরা পেয়ে যাব ২০১১ সালের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। সেটা যদি হয় ৬ অক্টোবর, তাহলে এতক্ষণে আপনারা জেনে গেছেন স্বপ্নে পাওয়া সেই মানুষের সমস্ত লেখকজীবনের গল্প। কিন্তু তার আগ পর্যন্ত চলতে থাকবে নানা রকম জল্পনাকল্পনা।

সূত্র : কালের কন্ঠ


পুঁথিসম্রাট আবদুল করিম সাহিত্য বিশারদ || মাহমুদুল বাসার


আবদুল করিম সাহিত্যবিশারদের মৃত্যুদিন ৩০ সেপ্টেম্বর। ১৯৫৩ সালের এই দিনে তিনি ১০টা ৪৭ মিনিটে ইন্তেকাল করেন। লিখতে বসেছিলেন ‘চট্টগ্রামের অজানা কাহিনী’। লিখতে বসে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাংলাদেশেই শুধু নয়, ভারত উপমহাদেশের জ্ঞানসাধকদের মধ্যে তিনি একজন। তাঁর নাম ড. সুনীতি কুমার, ড. দীনেশচন্দ্র সেন, ড. হরপ্রসাদ শাস্ত্রীর নামের সঙ্গে কৃতী গবেষক হিসেবে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। গবেষকরা বলেন, মৃত্যুর পরে ড. দীনেশচন্দ্রের ডান হাতের আঙুলে কালির দাগ পাওয়া গেছে। আর সাহিত্যবিশারদ লিখতে বসে মৃত্যুর নীরবতায় শয়ন করেন। তার হাতেও কালির দাগ ছিল।
আজীবন দরিদ্র ছিলেন আবদুল করিম সাহিত্যবিশারদ। সামান্য কেরানিগিরি করতেন। স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন। তত্কালীন সময়ের প্রেক্ষাপটে ম্যাট্রিক পাস অবশ্য কম কথা নয়। কিন্তু দারিদ্র্যের কারণেই আর অগ্রসর হতে পারেননি একাডেমিক শিক্ষায়। তার পরও স্বীয় সাধনার বলে, নিষ্ঠার জোরে বাঙালির শ্রেষ্ঠ সাংস্কৃতিক মনীষীদের কাতারে তাঁর নাম স্থান পেয়েছে।
তিনি যে কাজটি করে খ্যাতির শিখরে আরোহণ করেছিলেন, তা ছিল নিদারুণ কষ্টসাধ্য, এমনকি ব্যয়সাপেক্ষও। এর সঙ্গে প্রতিভা ও মেধার প্রশ্নও জড়িত ছিল, আর ছিল মাতৃভাষার প্রতি গভীর গাঢ় ভালোবাসা। তিনি প্রাচীন ও মধ্যযুগের বাংলা কাব্যের হাতেলেখা পাণ্ডুলিপি, যাকে বলে পুঁথি, তার আবিষ্কারক। নিজ খরচে, অদম্য অধ্যবসায়ের সঙ্গে পল্লীগ্রামে ঘুরে ঘুরে অনুসন্ধান করে করে অবহেলায় পড়ে থাকা পুঁথি উদ্ধার করেছেন। সেখানেই ক্ষান্ত হননি, পুঁথির হস্তলিপি পর্বে বিশেষজ্ঞ হয়েছেন, তার সম্পাদনা করেছেন, তার পর ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ পত্রিকায় তা পাঠাতেন। সসম্মানে ছাপা হতো।
একথা ভাবতে বিস্ময় লাগে যে, সুরেশচন্দ্র সমাজপতির মতো বিদগ্ধ পত্রিকা সম্পাদকের ‘সাহিত্য’ পত্রিকায় সাহিত্যবিশারদের প্রবন্ধ ছাপা হতো।
আবদুল করিম সাহিত্যবিশারদ উনিশ-বিশ শতকের রেনেসাঁর মানসপুত্রদের একজন। তার সময়ে খাঁটি বাঙালির সংখ্যা কমই ছিল। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, তাঁর সময়ে উপমহাদেশের রাজনীতি ও সংস্কৃতি সাম্প্রদায়িক চেতনায় কণ্টকিত হয়েছিল। কিন্তু আবদুল করিম সাহিত্যবিশারদকে ওই পঙ্কিল স্রোত কলুষিত করতে পারেনি। তাই দেখি যে, তিনি পুঁথি অনুসন্ধানে নেমে জাত-পাত মানেননি। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সৃজনশীল কবিদের পুঁথি উদ্ধারে ব্রতী হয়েছেন।
মানতেই হবে, সাহিত্যবিশারদের আগে যারা পুঁথি উদ্ধারে নেমেছিলেন তারা খণ্ডিত মনোভাবে সীমাবদ্ধ ছিলেন। তাই বাংলা সাহিত্যের ইতিহাসে সাহিত্যবিশারদ প্রথম পূর্ণাঙ্গ, আদর্শবান পুঁথির আবিষ্কারক।
এ কারণে একটি পুঁথি আবিষ্কার করে, তা সুসম্পাদনা করে, টীকাটিপ্পনীসহ সর্বশ্রেষ্ঠ পত্রিকায় পাঠানো মাত্র ছাপা হতো। শুধু তাই নয়, উভয় সম্প্রদায়ের মনীষীদের প্রশংসা পেতেন। তাঁর লেখা পাওয়ার জন্য তারা সাগ্রহে অপেক্ষা করতেন।
এ কথা পরিষ্কার বলা দরকার, সাহিত্যবিশারদ কেবল পুঁথি সংগ্রাহক ছিলেন না, সৃজনশীল, চিন্তাশীল লেখকও ছিলেন। অসংখ্য প্রবন্ধ লিখেছেন বাংলা ভাষার শ্রেষ্ঠ, পরিচিত, অপরিচিত সবগুলো পত্রিকায়। তাঁর লেখা যুক্তিপূর্ণ, তথ্যবহুল। তাঁর মানস আধুনিক, অগ্রসর ও অসাম্প্রদায়িক চিন্তার দ্বারা পরিপুষ্ট। বাঙালির সেক্যুলার ঐতিহ্য প্রতিষ্ঠায় তিনি একজন পথিকৃত্।
সাহিত্যবিশারদকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন স্যার আশুতোষ মুখার্জী, ড. দীনেশচন্দ্র সেন, ড. হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, সুরেশচন্দ্র সমাজপতি, ব্যোমকেশ মুস্তফী এবং জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ, সৈয়দ এমদাদ আলী প্রমুখ।
তিনি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য। একসময় তিনি এই প্রতিষ্ঠানের সহসভাপতিও হয়েছিলেন। এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। কবি নবীনচন্দ্র সেন তাঁকে ভালোবেসে একটি চাকরি দিয়েছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ভালোবেসে তাঁকে প্রবেশিকা ও এফএ পরীক্ষার পরীক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি বিএ ক্লাসের বাংলা বিষয়ের পরীক্ষার খাতা দেখতেন।
সাহিত্যবিশারদ প্রায় সব পত্রিকা পড়তেন, তা সংগ্রহ করতেন, তাতে লিখতেন। তিনি পত্রিকা সম্পাদনাও করতেন। সম্পাদনা করেছেন ‘নবনূর’, ‘কোহিনূর’, ‘সওগাত,’ ‘পূজারী’ ও ‘সাধনা’ পত্রিকা।
তিনি তাঁর বাড়িতে তাঁর পিতামহ কর্তৃক সংগৃহীত কিছু পুঁথির সঙ্গে পরিচিত হন। এই পুঁথিগুলো পড়ে তিনি পুঁথি সংগ্রহে ও এ নিয়ে লিখতে আগ্রহী হন। এ পুঁথিগুলোর মধ্যেই পেয়ে যান ‘চণ্ডীদাসের পদাবলী’। সেসময় তিনি ছিলেন এফএ ক্লাসের ছাত্র। এ সময় তিনি আচার্য অক্ষয় সরকার সম্পাদিত ‘পূর্ণিমা’ পত্রিকায় ‘প্রাচীন পদাবলী’ নামে একটি প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধ পাঠ করেই মহাকবি নবীন চন্দ্রসেন সাহিত্যবিশারদের প্রতি আকৃষ্ট হন।
তিনি যখন কলেজে পড়েন, তখন নলিনী কান্ত সেন ‘আলো’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। সাহিত্যবিশারদ এ পত্রিকায় নিয়মিত লিখতেন। এ পত্রিকায় তিনি ‘আলাওল গ্রন্থাবলীর কালনির্ণয়’ নামে একটি তথ্যবহুল প্রবন্ধ লেখেন। এ প্রবন্ধ পড়ে একজন বিদ্বান মন্তব্য করেন, ‘কালে এই বালক যশস্বী লেখক হইতে পারিবে।’ (আবদুল করিম সাহিত্যবিশারদকে নিবেদিত প্রবন্ধ সংকলন, বাংলা একাডেমী, ১৯৯৪, পৃ. ১২৮)।
হ্যাঁ, যশস্বী হয়েছিলেন। বিদ্বত্সমাজ তাকে সাহিত্যবিশারদ উপাধি দিয়েছিলেন। সাহিত্য সাগর উপাধিও পেয়েছিলেন। বাঙালি সমাজে বিদ্যাসাগর বলতে যেমন ঈশ্বরচন্দ্রকে বোঝায়, তেমনি সাহিত্যবিশারদ বলতে আবদুল করিমকেই বোঝায়। আমরা কিন্তু মাইকেল, বিদ্যাসাগর, সাহিত্যবিশারদ বলতেই ভালোবাসি।
একজন গবেষকের লেখা থেকে জানা যায়, তিনি যখন নবম শ্রেণীর ছাত্র, তখন কলকাতা থেকে দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত পাক্ষিক ‘অনুসন্ধান’ পত্রিকা তাঁর হাতে আসে। এই পত্রিকা পড়ে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য সংগ্রহে অনুপ্রাণিত হন।
চণ্ডীদাসের পদাবলী পড়ে, গ্রামের বাড়িতে বাড়িতে পুঁথি পাঠ শুনে, পূর্বপুরুষের সংগৃহীত পুঁথি পাঠ করে সাহিত্যবিশারদ মাতৃভাষার প্রতি গভীর অনুরাগী হয়ে ওঠেন।
সাহিত্যবিশারদ সম্পাদিত প্রথম বই ‘রাধিকার মান ভঙ্গ’। এই বইয়ের ভূমিকা লেখেন ড. হরপ্রসাদ শাস্ত্রী। তিনি বলেন, “শ্রী আবদুল করিম চট্টগ্রামের একটি বাঙ্গালা বিদ্যালয়ের পণ্ডিত। তাহার অবস্থা ভাল নহে। তথাপি তিনি সাহিত্যসেবায় অকাতরে পরিশ্রম করিয়া থাকেন। বাঙ্গালা সহিত্যের প্রতি তাহার অনুরাগের প্রশংসা না করিয়া থাকা যায় না। তিনি এই দুর্লভ গ্রন্থের সম্পাদনা কার্যে যেরূপ পরিশ্রম, যেরূপ কৌশল, যেরূপ সহায়তা ও যেরূপ সূক্ষ্মদর্শিতা প্রদর্শন করিয়াছেন, তাহা সমস্ত বাঙ্গালায় কেন—সমস্ত ভারতেও বোধ হয় সচরাচর মিলে না। এক একবার মনে হয় যেন কোন ‘জার্মান এডিটর’ এই গ্রন্থ সম্পাদনা করিয়াছেন।” (ঐ-পৃ. ১৬)
‘ইসলামাবাদ’ সাহিত্যবিশারদের একটি মৌলিক গ্রন্থ। চট্টগ্রামকেই তিনি ইসলামাবাদ বলেছেন। কারণ, প্রাচীন ও মধ্যযুগে আউলিয়া, পীর, বুজর্গানেরা চট্টগ্রামে এসে, সেখান থেকে ইসলাম প্রচার শুরু করেন। উল্লিখিত গ্রন্থের এক জায়গায় বলেছেন তিনি, “আমাদের এই দেশ ধর্মজগতে একটা পরম শ্লাঘ্য স্থান অধিকার করিবার দাবি করিয়া আছে। পৃথিবীর চারিটি মহাধর্ম শক্তি আসিয়া এখানে সম্মিলিত হইয়াছে। ইহা হিন্দু, মুসলমান ও বৌদ্ধ—এই তিন মহাজাতিরই একটা পরম পবিত্র তীর্থরূপে পরিগণিত।... হিন্দুর হিন্দুত্ব ও মুসলমানের মুসলমানত্ব একমাত্র এই দেশেই আজও সম্পূর্ণ বজায় আছে। এক গ্রামে পাশাপাশি বাড়িতে বাস করিয়া এক পুকুরের জল খাইয়া আমরা হিন্দু-মুসলমান দুইটি জাতি স্মরণাতীত কাল হইতেই স্ব-স্ব ধর্মের স্বাতন্ত্র্য রক্ষা করিয়া পরম প্রীতিতে চলিয়া আসিতেছি, জাতি-ধর্ম লইয়া এ পর্যন্ত আমাদের দেশে কোনোদিন একটা টুঁ শব্দ পর্যন্তও হয় নাই, ইহা আমাদের চট্টগ্রামের একটা বিশিষ্ট গুণ।” (ঐ-পৃ. ২০)
তার অসাম্প্রদায়িক-উদার মানসের পরিচয় এ উদ্ধৃতিতে বিদ্যমান।
১৯৩৯ সালে সাহিত্য বিশারদ কলকাতা বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মেলনে মূল সভাপতির ভাষণে বলেন, “সাহিত্যে জাতি-ধর্মের গণ্ডী আমি কখনও স্বীকার করি নাই, এখনও স্বীকার করি না, কিন্তু ইহার বৈচিত্র্য স্বীকার করি। সাহিত্য হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান যে জাতিরই হউক, ইহা সাহিত্য পদবাচ্য হইলেই সর্বজনীন হইয়া থাকে। ...মুসলমানের সাহিত্য সর্বজনীন সাহিত্যিক সৌন্দর্য্যের বিচিত্র ভঙ্গীর একদিক মাত্র। হিন্দুর সাহিত্যও তদ্রূপ একদিক। এই জন্যই আধুনিক বঙ্গের সাহিত্যিক জাগরণকে আমি ভীতির চক্ষে দেখি না, বরং প্রীতির নয়নেই নিরীক্ষণ করিয়া থাকি। কারণ অখণ্ড বাঙ্গালা সাহিত্যের প্রতি আমার শ্রদ্ধা সুগভীর এবং পরিচয় প্রাচীন।” (ঐ-পৃ. ৩৩)
আবদুল করিম সাহিত্য বিশারদ কি কেবল মধ্যযুগের পুঁথিই মাটি খুঁড়ে আবিষ্কার করেছিলেন? অবশ্য পুঁথিগুলো অজানা অন্ধকার থেকে আলোতে বের করে না আনলে বাংলা সাহিত্য থাকত আধখানা চাঁদের মতো অসম্পূর্ণ। কিন্তু তিনি মূলত পুরো বাঙালি জাতির মননের ইতিহাস পুনরুদ্ধার করেছেন। আবিষ্কৃত উদ্ধারকৃত পুঁথিগুলোতে যেহেতু ইংরেজের কূটপ্রভাব স্পর্শ করেনি, সেহেতু সেসবে আছে ধর্মনিরপেক্ষতার সজীবতা, হিন্দু-মুসলিম মিলনের কথা।
জীবনসায়াহ্নে মানুষ হয় প্রতিক্রিয়াশীল। সাহিত্যবিশারদ হয়েছিলেন প্রগতিশীল। তাঁর সায়াহ্নকালীন অভিভাষণগুলো বিচ্ছিন্নতা, সাম্প্রদায়িকতা, কূপমণ্ডূকতাবিরোধী খরদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ। এজন্যই তিনি মনীষী, মহাপুরুষ।
সাম্প্রদায়িক চিন্তা তো অনাধুনিক চিন্তা। আর অনাধুনিক চিন্তা দিয়ে সাহিত্য বিশারদ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহর মতো মনীষী হওয়া যায় না।
সূত্র : আমার দেশ


লোক ঐতিহ্যের বর্তমান তা লোক লোকান্তর থেকে সোনালি কাবিন ।। ড. ফজলুল হক তুহিন


লোকঐতিহ্য একটি জনপদের আবহমান কালের বস্তুগত (গধঃবত্রধষ) ও অবস্তুগত বা ভাবগত (ঘড়হ-সধঃবত্রধষ বা ঝঢ়রত্রঃঁধষ) সম্পদ ও সংস্কৃতির অংশ। আদিম বর্বর স্তরের মানবসমাজ, পরিবেশ ও পারিপার্শ্বিকতার প্রতিঘাতে বহু যুগ ধরে রূপান্তরিত হয়ে চলেছে। লোকঐতিহ্য সে কারণে শুধু প্রাচীন সমাজের দর্পণই নয়, বরং চলতিকালে বস্তু ও মানবসংস্কৃতি সম্পদের প্রাণবন্ত কোষ, এই ঐতিহ্যকে প্রাণরস জোগান দেয় বিশেষ দেশের ভৌগোলিক, ঐতিহাসিক ও জাতিগত ঐতিহ্য। ঐতিহ্যই লোকসংস্কৃতির প্রাণশক্তি, আর সমাজবদ্ধ মানুষের অনন্ত সৃজনশীলতাই এর চালিকাশক্তি। তাই লোকঐতিহ্য একই সঙ্গে দেশজাত আঁচল ধরা, আবার বিশ্বগত ও সর্বজনীন। প্রাচীন ও মধ্যযুগের বাংলা কবিতা লোকঐতিহ্যের বিপুল সম্ভারে লোকজীবন ও সংস্কৃতিলগ্ন। গ্রামকেন্দ্রিক জীবন-প্রকৃতি, কৌমপ্রধান সমাজব্যবস্থা, নানা শ্রেণীর পেশাজীবী গোষ্ঠী, ধনোত্পাদন পদ্ধতি, লৌকিক বিশ্বাস-আচার-প্রথা-সংস্কার-অনুষ্ঠান প্রভৃতি এবং কৃষিনির্ভর জীবন-জীবিকার বৈশিষ্ট্য লোকঐতিহ্যের বিশাল জগত্ সৃষ্টি করেছে। আধুনিক যুগে এসে সমাজ-রাষ্ট্র-জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির বিপ্লবে বাংলার লোকঐতিহ্য ও সংস্কৃতির স্থানে পাশ্চাত্য ভাবাদর্শ-সাহিত্যাদর্শ-জ্ঞান-বুদ্ধি-প্রযুক্তির প্রভাব-বলয় তৈরি হয়। তবু নতুন আঙ্গিকে ও রূপে লোকঐতিহ্য বর্তমানতার সঙ্গে সেতুবন্ধ রচনা করে টিকে আছে, সাহিত্যেও তার ছায়া বিস্তৃত।
আল মাহমুদ বাংলা ভাষা-সাহিত্য ও বাংলাদেশের প্রতিনিধিত্বশীল কবি । উত্তর-ঔপনিবেশিক যুগে তথাকথিত বৈশ্বিক আধুনিকতার বিপরীতে স্থানিক ঐতিহ্য ও সংস্কৃতির রূপায়ণে তাঁর শিল্পকর্ম আবহমানকালের সঙ্গে শেকড় স্থাপন করেছে। স্বভাবতই তাঁর কবিতায় লোকঐতিহ্য একটা বড় জায়গা করে নিয়েছে। এই প্রক্রিয়ায় জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের পথে কবি হাঁটেননি; বিষয়গত কিছু মিল থাকলেও আঙ্গিকশৈলীতে একান্ত নিজস্বতা উপার্জন করে নিয়েছেন। বায়ান্নোত্তর বাংলাদেশের অধিকাংশ কবি বাঙালি জাতীয়তায় উজ্জীবিত হয়ে আত্মআবিষ্কার ও আত্মপরিচয়ের সন্ধানে মনোনিবেশ করেন। জাতির শেকড়ের খোঁজে তারা লোকঐতিহ্যের বিস্তৃত জমিনে কর্ষণ চালান। আল মাহমুদ সেসব কবির অন্তর্ভুক্ত, যাঁরা জাতির আবহমান ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ ও লালনে আন্তরিক। স্বভাবতই তাঁর কবিতায় প্রথম থেকেই প্রাধান্য পেতে থাকে লোকঐতিহ্যের বিভিন্ন উপাদান। বিশেষভাবে লোকজ শব্দের ব্যবহারে শিল্পনৈপুণ্য তাঁর কবিতাকে করেছে স্বাতন্ত্র্যমণ্ডিত ও লোকসমাজলগ্ন। তাঁর বিভিন্ন পর্যায়ের কবিতায় লোকঐতিহ্যের রূপায়ণ হয়েছে বিভিন্ন মাত্রায়।
প্রথম পর্যায়ে আল মাহমুদের কবিতায় লোকঐতিহ্যের প্রয়োগ হয়েছে বিচিত্রভাবে এবং পরিমাণের দিক থেকেও তা অসামান্য। লোক লোকান্তর কাব্যেই আল মাহমুদের লোকঐতিহ্য রূপায়ণের সূচনা। তিনি বিচ্ছিন্ন ও সংক্ষিপ্ত আকারে এই ঐতিহ্যের ব্যবহার করেন। এই গ্রন্থের ‘তিতাস’ ও ‘নৌকোয়’ কবিতা দু’টিতে নদীকেন্দ্রিক ও তীরবর্তী প্রাকৃতিক আবহে লালিত মাঝিমাল্লা ও লোকজীবনের বিচিত্র বিষয়াবলী প্রকাশিত। বাংলাদেশের মানুষের যে জীবন, তার বৃহত্তম অংশই হলো লোকজীবন। লোকজীবনের যাবতীয় দিকসমূহকে নিয়েই লোকঐতিহ্যের কাঠামো নির্মিত হয়। সেজন্যে লোকঐতিহ্য ও লোকজীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত। কেননা আমরা লোকজীবনের কথা যখন বলি তখন সেই সাধারণ মানুষের সামগ্রিক জীবনের কথাই আসে, অর্থাত্ তাদের ধর্ম-কর্ম, আচার-অনুষ্ঠান, বিশ্বাস, সংস্কার, সাহিত্য, সংস্কৃতি, জীবন ও জীবিকা; এক কথায়, সাধারণ মানুষের সমগ্র জীবন চিত্রই এর আলোচ্য বিষয়। সাধারণ এই মানুষ জীবনচর্চায় নানান পেশায় নিয়োজিত থাকে। গ্রামবাংলার লোকজীবন বলতে কামার, কুমার, তাঁতি, বেদে, চাষী, মাঝি, সাপুড়ে ও পাড়া গাঁয়ের সমন্বিত প্রকাশকে বোঝানো হয়। প্রকৃতপক্ষে, আবহমানকাল ধরে গ্রামীণ জনপদে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের জীবনধারাকেই লোকজীবন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
কবির শৈশবের নদী তিতাস; যৌবনে জীবিকার সন্ধানে শহরবাসী হলেও শান্তির জন্য বার বার ফিরে আসেন এ নদীর কাছে। তাই কবি অনুভব করেন নদীর ঢেউ, ঘোলা স্রোত, পালতোলা নৌকা, গ্রাম্য বউয়ের মাটির কলসে জল ভরে বাড়ি ফেরা, নদীনির্ভর পাখিদের কলরব ইত্যাদি আবহমান বাঙালি জীবনের চলচ্ছবি।
এ আমার শৈশবের নদী এই জলের প্রহার সারাদিন তীর ভাঙে, পাক খায়, ঘোলা স্রোত টানে যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে। মাটির কলসে জল ভরে ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়। [তিতাস : লোক লোকান্তর]
নদীনির্ভর জনপদ ও প্রকৃতির যে চালচিত্র কবি এঁকেছেন, তা বাংলাদেশের লোকজীবনের এক মৌল অংশ। ‘নৌকোয়’ কবিতায়ও নদী, ঢেউ, নৌকা, নৌকায় যাত্রা, গান ও যাত্রার আবহ কবি নিপুণ চিত্রকল্পে ধরেছেন। সম্পূর্ণ কবিতাটিই গ্রামীণ বাংলার মধ্যে বয়ে যাওয়া এক নদীতে নৌকা যাত্রার অনুপুঙ্খ বর্ণিত। নদীকেন্দ্রিক লোকজীবনের প্রাণবন্ত গতিচিত্র কবি এঁকেছেন নিজ কাব্যভাষায়। লোক লোকান্তরের ‘রাস্তা’ কবিতায় কৃষি জমি ও নদীভিত্তিক লোকজীবনের কথা উল্লিখিত। কৃষক, জমিন, কর্ষণ, হাল, বলদ, ঘরবাড়ি, বহমান নদী, সবুজ প্রান্তর, লাউয়ের মাচা, কৃষাণীর ভেজা নীল শাড়ি, শুঁটকির গন্ধ ও মাছির আওয়াজ এবং নারীর প্রতীক্ষিত প্রেমের দৃশ্যাবলী গ্রামবাংলার চিরকালীন জীবনের প্রতিবিম্ব।
যদি যান,
কাউতলী রেলব্রিজ পেরুলেই দেখবেন
মানুষের সাধ্যমত
ঘর-বাড়ি।
চাষা হাল বলদের গন্ধে থমথমে
হাওয়া। কিষাণের ললাটরেখার মতো নদী,
সবুজে বিস্তীর্ণ দুঃখের সাম্রাজ্য।
দেখবেন, লাউয়ের মাচায় ঝোলে
সিক্তনীল শাড়ির নিশেন।
শুঁটকির গন্ধে পরিতৃপ্ত মাছির আওয়াজ।
দেখবেন ভাদুগড়ের শেষ প্রান্তে
এক নির্জন বাড়ির উঠোনে ফুটে আছে
আমার মিথ্যা আশ্বাসে বিশ্বাসবতী
এক ম্লান দুঃখের করবী।
আধুনিক এবং আপন এক কাব্যশৈলীতে কবি গ্রামজনপদের বিশ্বস্ত দৃশ্যকল্প এঁকেছেন। লোকঐতিহ্যের এই রূপায়ণ তাঁর কবিতাকে গণমানুষের মানসলগ্ন করেছে।
লোকঐতিহ্যের ক্ষেত্রে আল মাহমুদ আরও একধাপ এগিয়েছেন কালের কলস কাব্যগ্রন্থে। আশৈশব ও আকৈশোর এই ঐতিহ্যে বেড়ে ওঠা কবি নাগরিক খাঁচায় আটকে পড়েন জাগতিক প্রয়োজনে। কিন্তু সেখানে ফেরার তৃষ্ণা রক্তে ও মনে জেগে ওঠে, সেখানেই আপন মুক্তির ঠিকানা হিসেবে নির্ণয় করেন। অবশেষে অনুতপ্ত হয়ে ফিরে আসেন নিজ আশ্রয়ে। ‘ফেরার পিপাসা’ ও ‘প্রত্যাবর্তন’ কবিতাদ্বয়ে এই সুরই শোনা যায়।
নদীকেন্দ্রিক জনপদের ঐতিহ্যে প্রত্যাবর্তনের পিপাসা তাই ব্যক্ত হয়েছে কবির আকুতি নিয়ে।
ফিরে যেতে সাধ জাগে, যেন ফিরে যাওয়ার পিপাসা
জাগায় সুদূর স্মৃতি: মায়ের আঁচল ধরে টেনে
দেখায় দূরের নদী, ওইতো হাটের নাও মাগো
দখিনা বাতাসে দ্যাখ ভেসে গেল সমস্ত সোয়ারি;
লৌকিক জীবন ও সংস্কারের মধ্য দিয়ে এখানে ফিরে যাবার প্রবল ইচ্ছা প্রকাশিত। নৌকায় বাড়ি ফেরা, যাত্রাপথে প্রাকৃতিক বিপদের আশঙ্কা এবং গ্রামীণ নারীর স্বামীর কবরে মোম জ্বেলে প্রার্থনা, স্বপ্ন না দেখার জন্য রূপোর মাদুলি বাজুতে বেঁধে দেয়া ইত্যাদি প্রসঙ্গ একান্ত গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্গত। কবি এই ঐতিহ্যচ্যুত হয়ে ঢাকার মতো মহানগরীতে বন্দি। দেয়ালে টাঙানো ফ্রেমে আবদ্ধ মায়ের ছবি কবির কাছে তাই মনে হয় বাংলার মানচিত্র। অর্থাত্ মা-ই হয়ে যান লোকবাংলার প্রতিকৃতি। সেই প্রতিকৃতির কাছে সশরীরে ফিরে যাবার তীব্র আকাঙ্ক্ষা এই কবিতায় প্রকাশিত।
‘প্রত্যাবর্তন’ কবিতায় কবির তৃষ্ণা ও ইচ্ছা গ্রামসমাজে ফিরে আসায় রূপান্তরিত। খাল-বিল-নদীময় নিজের জনপদ ছেড়ে যাওয়া পলাতক যুবকেরা আবার ফিরে এসে গতিমান মানুষের প্রতীক—মাছ-পাখি-নাও-নদী-মাটির পুতুল ইত্যাদির কাছে। আপন ঠিকানায় ফিরে এই ক’জন তরুণ প্রকৃতি ও জীবনে নতুন প্রাণের আয়োজন প্রত্যক্ষ করেন।
দ্যাখো, জয়নুলের ছবির মতো ঘরবাড়ি, নারী
উঠোনে ঝাড়ছে ধান, ধানের ধুলোয় ম্লান শাড়ি;
গতর উদোম করে হাতে লেপা মাটির চত্বরে
লাঞ্ছিত নিশেন হয়ে পড়ে আছে যেন অনাদরে।
কবি বহমান লোকঐতিহ্যে ফিরে তাকেই অবলম্বন ও আশ্রয় করতে চান। কৃষিনির্ভর লোকজীবনের উপাদানগুলোকে আবারও উজ্জীবিত করতে চান নিজেদের জন্য। আবার পূর্ব-পুরুষের উত্তরাধিকার আত্মস্থ করে জাতির লাঞ্ছিত পতাকার যথার্থ সম্মান অর্জনে শক্ত পায়ে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করেন। অর্থাত্ কবি বিরাজমান গ্রামীণ ঐতিহ্যে প্রত্যাবর্তন ও ঐশ্বর্যময় হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সংকল্পবদ্ধ। বাঙালির আত্মআবিষ্কারের রাজনৈতিক ও সাংস্কৃতিক কালে (১৯৫২-৭১) কবির লোকঐতিহ্যে তথা স্বদেশ প্রত্যাবর্তন অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
লোকঐতিহ্য রূপায়ণের ক্ষেত্রে আল মাহমুদ সবচেয়ে বেশি সফলতা অর্জন করেন সোনালি কাবিনে। বিস্তৃত, গভীর ও অপরিহার্যভাবে তা ব্যবহৃত হয়েছে সোনালি কাবিন সনেটগুচ্ছসহ বিভিন্ন কবিতায়। সমগ্র কাব্যের মধ্যে তাই এই গ্রন্থের অনন্যতা ও স্বাদেশিক ইতিহাস-ঐতিহ্যের আয়তনটি বৃহত্তম। তাঁর কাব্যাদর্শের সঙ্গে মিশে আছে লোকঐতিহ্যের নানা অনুষঙ্গ। গ্রামীণ জনপদের লৌকিক জীবনে কবি তাই ফিরে আসেন ‘খড়ের গম্বুজ’ কবিতায়।
কে জানে ফিরলো কেনো, তাকে দেখে কিষাণেরা অবাক সবাই
তাড়াতাড়ি নিড়ানির স্তূপাকার জঞ্জাল সরিয়ে
শস্যের শিল্পীরা এসে আলের ওপরে কড়া তামাক সাজালো।
একগাদা বিচালি বিছিয়ে দিতে দিতে
কে যেনো ডাকলো তাকে; সস্নেহে বললো, বসে যাও,
লজ্জার কি আছে বাপু, তুমি তো গাঁয়েরই ছেলে বটে,
আমাদেরই লোক তুমি।
আবহমানকালের কৃষি ব্যবস্থার ধারক যে কৃষক সমাজ, তারাই উত্পাদন করে মানুষের মৌলিক চাহিদা। এ দেশে লোকঐতিহ্যের স্রষ্টা, লালনকর্তা ও উত্তরাধিকারীদের মধ্যে তারাই প্রধান। এই লোকসমাজে বেড়ে ওঠা কোনো মানুষ নাগরিক সংস্কৃতিতে বেমানান হতে বাধ্য। এই কবিতায় এমন এক তরুণের কথা উচ্চারিত, যে পৌরসংস্কৃতির জগতে গিয়ে আপন ঐতিহ্যচ্যুত হয়েছে। তবে শেকড়ের টানে যখন ভিন্নরূপে পিতৃপুরুষের সমাজে ফিরেছে, তখন সে আর সহজে তাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। ‘শস্যের শিল্পীরা’ তাই তাকে সস্নেহে কাছে ডেকে পূর্বপুরুষের ঐতিহ্য লোকসঙ্গীত, মারফতির সুর স্মরণ করিয়ে দিয়েছে; আবার জবাবদিহি চেয়েছে অনাকাঙ্ক্ষিত পরিণতির। অর্থাত্ তিনি বিপরীতধর্মী দুই ঐতিহ্যের দ্বন্দ্বকে সামনে এনে লোকজতাকে গ্রহণ করেন অন্তর দিয়ে।
আল মাহমুদের অন্যতম শ্রেষ্ঠ কাব্যকৃতি সোনালি কাবিন কাব্যের সোনালি কাবিন সনেটগুচ্ছ। কবিতাগুলো লৌকিক জীবনের চিরায়ত সুখ-দুঃখের জমিনের উপর স্থাপিত। কাব্যভাষায় ও বাক্যবন্ধে গ্রামীণ জীবনের নানান সৌরভ; বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন ব্রত বা জরঃঁধষ আবহমান বাংলার লোকসংস্কারের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়; সঙ্গে সঙ্গে বাংলার লৌকিক ও নৃতাত্ত্বিক প্রসঙ্গের মাঝে যুক্ত করে। আল মাহমুদের কবিতায় বাংলার লোককাহিনীর প্রয়োগ হয়েছে নানাভাবে। লোককথার মধ্য দিয়ে যে সর্বজনীন আবেদনই প্রকাশ পাক না কেন, এর সম্পর্কে এ কথাও সত্য, এর মধ্য দিয়ে জাতির বিশিষ্ট চরিত্রের রূপটিও প্রকাশ পায় আর লোককাহিনীগুলোর মধ্যে ‘বিশ্বব্যাপী যোগসূত্র’ বজায় থাকে। লোককাহিনী বা লোককথার যেমন কোনো জাতি নেই, অর্থাত্ বিশেষ জাতির লোককথা বলে যেমন কোনো রচনা চিহ্নিত করা যায় না, তেমনই লোককথার কোনো ধর্মও নাই, অর্থাত্ বিশেষ কোনো লোককথা বিশেষ কোনো ধর্মাবলম্বীর সৃষ্টি কিংবা তার নিজস্ব সম্পত্তি একথা বলার উপায় নেই। ফ্রেজারের ঞযব এড়ষফবহ ইড়ঁময-এ বর্ণিত আদিবাসী জীবনের চিত্র চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে। বাংলার লোককাহিনীর সারাত্সার নিয়ে কবি আল মাহমুদ দ্রোহী মনোভাব সৃষ্টি করেন, যা সমকালীন প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ।
অঘোর ঘুমের মধ্যে ছুঁয়ে গেছে মনসার কাল
লোহার বাসরে সতী কোন ফাঁকে ঢুকেছে নাগিনী,
আর কোনদিন বলো দেখবো কি নতুন সকাল?
উষ্ণতার অধীশ্বর যে গোলক ওঠে প্রতিদিনই।
বিষের আতপে নীল প্রাণাধার করে থরো থরো
আমারে উঠিয়ে নাও হে বেহুলা, শরীরে তোমার [সোনালি কাবিন: ৮]
বেহুলা-লক্ষিন্দরের কাহিনীকে আধুনিক মনোভাব ও ভঙ্গিতে রূপান্তরের অনন্য দৃষ্টান্ত্ত এই সনেট। ‘মনসা মঙ্গল’ কাব্যের দেবীস্তুতির বিপরীতে দ্রোহীচেতনাকে প্রকাশ করেন এখানে। ‘জীবনের স্পর্ধা’ মৃত্যুর বিস্তার ও শক্তিকে লঙ্ঘন করে চিরায়ত ‘বাঁচার নিয়ম’-এ পরিবর্তন আনবে মানুষী বেহুলা—এই প্রত্যাশা কবির। বাংলার অতি পরিচিত একটি লোককাহিনীর অন্তসারকে সমকালীন দেশ ও কালের প্রেক্ষিতে স্থাপনের মাধ্যমে কবি একই সঙ্গে ঐতিহ্যবাদী ও আধুনিক শিল্পরীতির পরিচয় দিয়েছেন।
আল মাহমুদ ‘সোনালি কাবিন : ৮’-এ বাংলার অপাপবিদ্ধ গ্রামীণ কুমারী এবং এক কুমারের মিলনের অভিপ্রায় ও মধুরতাকে অসাধারণ ভাব-ব্যঞ্জনায় প্রকাশ করেছেন। গ্রামের সাধারণ যুবক ও যুবতী তাদের কামনাকে যেসব উপমায় প্রত্যক্ষ করে, তিনি সেইসব উপমা ব্যবহার করেন। এক্ষেত্রে আল মাহমুদের ভঙ্গি জীবনানন্দ দাশের চেয়ে অনেক বেশি বাস্তব ও আকর্ষণীয়। গ্রামের সাধারণ জীবন, জীবনের মমতার আশ্রয়-আকুলতা-উদ্ভাসন এবং নতুন এক জীবনের দুয়ার উন্মোচনকে তিনি অসাধারণ ভাষায় প্রকাশ করেন।
শুভ এই ধানদূর্বা শিরোধার্য করে মহীয়সী
আবরু আলগা করে বাঁধো ফের চুলের স্তবক,
চৌকাঠ ধরেছে এসে ননদীরা তোমার বয়সী
সমানত হয়ে শোনো সংসারের প্রথম সবক
বধূবরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকূল
গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল, কবুল।
এই দৃশ্যটি একজন নারীর জন্য সলজ্জ, আন্তরিক ও মমতার; যা লোকজ বাংলার গ্রামীণ জীবনের একটি মধুর অভিপ্রায়কে ব্যক্ত করেছে। একটি যুবতী যৌবনের অধিকার পেতে চলেছে এবং বিবাহের মধ্য দিয়ে সংসারে প্রথম সবক নিচ্ছে। এই দৃশ্যটাকে কবি আমাদের সামনে এমনভাবে উপস্থিত করেছেন, যেন একই সঙ্গে মানুষের পরিচয়, আবার মুসলমান জীবনের পরিচয়ও পাওয়া যায়। ‘মঙ্গলকুলোয় ধান্য’, ‘বিন্নির খই’, ‘বিছানায় আতর, ‘অগুরু’, ‘ধানদূর্বা’, ‘কবুল, কবুল’ শব্দবন্ধে কবি আবহমান গ্রামীণ বাংলার জরঃঁধষ বা ধর্মীয় আচার-অনুষ্ঠান-রীতিকে প্রকাশ করেন।
‘সোনালি কাবিন: ১৪’ কবিতায় কবি কিছু সাক্ষ্য উপস্থাপন করেছেন। এ সাক্ষ্যগুলো একান্তভাবে গ্রামীণ বাংলার লোকঐতিহ্য থেকে গৃহীত। তিনি বৃষ্টি, তিলবর্ণ, মাছ-মাংস, হালাল পশু, লাঙল, জোয়াল, কাস্তে ও বায়ুভরা পালের অর্থাত্ লৌকিক জীবনের প্রতীকগুলোকে সাক্ষ্য মেনেছেন। গ্রামীণ বৃষ্টি ও ধানক্ষেতের ঐশ্বর্যের মধ্যে, ক্ষেতে লাঙল-জোয়াল এবং নদীতে পালতোলা নৌকায় একটা শান্ত বরাভয়ের চিত্র পাওয়া যায়; যেখানে অলঙ্কার ও বিত্ত নেই, কিন্তু অনুভূতি, কর্ম ও আনন্দের ঐশ্বর্য আছে। এক কথায়, কবি নাগরিক বৃত্তের বাইরে প্রকৃতির অধিকারের মধ্যে একটি গ্রামকে পেয়েছেন, যে গ্রামে প্রাণের অঙ্গীকার আছে। পূর্বপুরুষের সাংস্কৃতিক উত্তরাধিকার লোকঐতিহ্যের প্রকাশ আছে কাব্যিক অভিব্যক্তিতে।
বৃষ্টির দোহাই বিবি, তিলবর্ণ ধানের দোহাই
দোহাই মাছ-মাংস দুগ্ধবতী হালাল পশুর,
লাঙল জোয়াল কাস্তে বায়ুভরা পালের দোহাই
হৃদয়ের ধর্ম নিয়ে কোন কবি করে না কসুর।
কবি লোকজীবনের প্রতীক ও চিত্রকল্পসমূহ বাংলার গ্রামীণ পটভূমি থেকে সংগ্রহ করেন। প্রিয়তমার উদ্দেশে উচ্চারিত এই প্রতীক বাংলার গ্রামীণ সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। আর লোকজ শব্দপুঞ্জের নিপুণ বুনন ও সজ্জা লোকঐতিহ্যের প্রকাশে অপরিহার্য দাবি পূরণ করেছে।
‘সোনালি কাবিন’ সনেটগুচ্ছে বাঙালির ধারাবাহিক ইতিহাস রেখা, জীবন সংস্কৃতির উত্তরাধিকার সূত্র, পলিময় বাংলার প্রকৃত রূপ ফুটে উঠেছে। কাব্য পরম্পরায় লক্ষ্য করা যায় তাঁর জীবনঘনিষ্ঠ লোকজ সংস্কৃতি ও আবহমান বাংলার রূপকলার সঙ্গে কবি ধর্ম ও ঐতিহ্যকে রক্তধারার মতোই ব্যবহার করেছেন। আবার সেই চলমান জীবনেই খুঁজে নিয়েছেন আত্মআবিষ্কারের সারাত্সার। সেখানেই তিনি ফিরে যান প্রতিনিয়ত। এই জীবনের সারাত্সার তাঁর জীবনযাপনের অভিজ্ঞতাস্রোত। একটা জাতির সাংস্কৃতিক স্থিতি নির্ভর করে তার ঐতিহ্য পরম্পরায়; তার আন্তঃসাংস্কৃতিক প্রবাহের অন্তর্নিহিত স্রোতোধারার আশ্রয়ে গড়ে ওঠে সে জাতির অভিন্ন সাংস্কৃতিক প্রত্যয়। আল মাহমুদের ‘সোনালি কাবিন’এর সনেটগুচ্ছ অভিন্ন সাংস্কৃতিক প্রত্যয়ের দ্যোতক।
লোকঐতিহ্যের এসব রূপায়ণ ছাড়াও অসংখ্য লোক উপাদানের মিশ্রণ হয়েছে সোনালি কাবিনে। বিশেষভাবে লোকজ শব্দ এই কাব্যে একটা বড় জায়গাজুড়ে আছে, সেগুলো লোকঐতিহ্যের স্মারক। যেমন : দিনার, দেনমোহর, কাবিন, পানোখী, ছলকে, শোলক, খোঁয়াড়, কাতরা, কানেট, ছিনাল, দরদ, মরদ, দেখনহাসি, কবুল, বিবি, হালাল, কসুর, খেলাপ, জবান, নাপাক ইত্যাদি। বিদগ্ধ সমালোচক শিবনারায়ণ রায়ের মতে : আঞ্চলিক ভাষা, অভিজ্ঞতা, রূপাবলীকে তিনি নাগরিক চেতনায় সন্নিবিষ্ট করে প্রাকৃত অথচ ব্যঞ্জনাসমৃদ্ধ এক কাব্যজগত্ গড়ে তুলেছেন। জসীমউদ্দীন এবং জীবনানন্দ—উভয় থেকেই তিনি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির কবি। কারও প্রতিধ্বনি নয়, নির্মীয়মাণ স্বকীয়তাই তাঁকে আধুনিক জগতে বিশিষ্ট স্থানের অধিকারী করেছে। অর্থাত্ লোকঐতিহ্যের বিভিন্ন উপাদানের আধুনিক উপস্থাপনা তাকে এই ধারার অগ্রজ কবিদের থেকে স্বতন্ত্র করেছে।
সোনালি কাবিনের পরবর্তী বাঁকফেরা ও গন্তব্যের পথেও বাংলার লোকঐতিহ্যকে সঙ্গে নিয়ে যাত্রা করেছেন আল মাহমুদ। বড় কবি হয়ে ওঠার পেছনে তাঁর লোকঐতিহ্যের স্বাতন্ত্রিক রূপায়ণ অনেকাংশে দায়ী। কারণ, সমকালীন উপনিবেশবাদী বাংলা সাহিত্যে স্বাধীন ও মুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাত্ লোকঐতিহ্য নির্মাণে তাঁর কাব্যকৃতি অনন্যতায় ভাস্বর।


নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা ইসলামী সাহিত্য স্বাস্থ্য কথা কৌতুক কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ইসলাম ফিচার শিশুতোষ গল্প কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ গবেষণা ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অরুদ্ধ সকাল অর্ক অয়ন খান আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হাসান আবুল হায়াত আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইলিয়াস হোসেন ইশতিয়াক ইয়াসির মারুফ উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কার্তিক ঘোষ কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিরিশচন্দ সেন গিয়াস উদ্দিন রূপম গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকির আবু জাফর জাকির আহমেদ খান জাকিয়া সুলতানা জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জায়ান্ট কজওয়ে জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার জয়নাল আবেদীন বিল্লাল ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা. দিদারুল আহসান ডা: সালাহ্উদ্দিন শরীফ তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ ফয়সাল বিন হাফিজ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মায়ফুল জাহিন মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো. আরিফুজ্জামান আরিফ মো: জামাল উদ্দিন মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

জোনাকী অনলাইন লাইব্রেরী - Jonaaki Online Library © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ