ফোনটা হাতে নিয়ে বসে রইল অভি। মুখে সব পেয়েছির একটা হাসি। ভীষণ খুশি লাগছে। লুবনা রাগ করেনি, একটুও না। বলছিল কাজটা একদম ঠিক হয়নি। কিন্তু গলা শুনে মোটেই তা মনে হচ্ছিল না। বরং ওর গলায় একটা খুশি খুশি সুর লুকানো ছিল। একটা চাপা উত্তেজনা, এপাশ থেকেও খুব স্পষ্ট অভি বুঝতে পারছিল। বুঝতে পারছিল লুবনার ফর্সা গাল দুটো লালচে হয়ে গেছে, চকচক করছে। আজ লুবনাকে এত সুন্দর দেখাচ্ছিল, এত আকর্ষণীয় দেখাচ্ছিল অভি কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। কাছে যাবো না, যাবো না করেও কখন কিভাবে যে অতখানি ঝুঁকে পড়েছিল অভি টেরই পায়নি। লুবনা সরে যায়নি, আবার কাছেও টেনে নেয়নি। শুধু প্রচ্ছন্ন একটা প্রশ্রয় দিয়েছে। ওর এই প্রশ্রয়ের কারণেই অভি এতদূর পর্যন্ত আসতে পেরেছে। এমনকি ঠিক হচ্ছে না, এই অনুভূতিটুকুও ওর মধ্যে কাজ করে না।





